প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনার দায়িত্ব আবারও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক অবস্থার উন্নতি এবং কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি বিবেচনায় স্বতন্ত্র পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সংক্রান্ত আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদে ১২ জন উদ্যোক্তা পরিচালক ও ২ জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছর পুনর্গঠনের আওতায় যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই মূল উদ্যোক্তাদের সক্রিয়ভাবে পাওয়া যায়নি। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে উদ্যোক্তারা দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ব্যাংকটির আর্থিক সূচকেও উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় উদ্যোক্তাদের কাছে পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে। পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলস মিলস লিমিটেডের প্রতিনিধি ফরিদ উদ্দিন আহমেদ পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এছাড়া নতুন পর্ষদে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সেলিম রহমান, আলহাজ্ব আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আব্দুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, মো. এনায়েত উল্লাহ এবং কে ওয়াই স্টিল মিলস লিমিটেডের প্রতিনিধি পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন তসলিম।
এর আগে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। সে সময় এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর নেতৃত্বাধীন পর্ষদ বিলুপ্ত করে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
স্বতন্ত্র পর্ষদের অধীনে প্রায় দুই বছর ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা পুনরায় উদ্যোক্তা পরিচালকদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেয়।
Posted ৭:৪২ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity