প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
মার্জিন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসম্পূর্ণ ও অনুমাননির্ভর তথ্যের কারণে বিনিয়োগকারীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন বলছে, সংশোধিত বিধিমালাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে এবং জনমত গ্রহণের পরই এটি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানায়, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় মার্জিন বিধিমালা-২০২৫-এর সংশোধনী খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বরং জনমত যাচাই ও পর্যালোচনার জন্য প্রস্তুত করা একটি প্রাথমিক খসড়া।
কমিশনের ভাষ্য, সংশোধনের লক্ষ্য হলো বিদ্যমান মার্জিন বিধিমালা বাস্তবায়নের সময় দেখা দেওয়া বিভিন্ন ব্যবহারিক সমস্যা দূর করা, বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করা এবং বাজারসংশ্লিষ্ট সব পক্ষের জন্য এর প্রয়োগকে আরও সুবিধাজনক করে তোলা।
এতে আরও বলা হয়, খসড়া প্রণয়নের সময় মার্জিন সুবিধা ব্যবহারকারী বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বাজার মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কার্যকর, ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগকারী-বান্ধব মার্জিন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলাই কমিশনের লক্ষ্য।
বিএসইসি জানিয়েছে, অনুমোদিত খসড়াটি শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর অংশীজন ও সাধারণ জনগণের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় পর্যালোচনার মাধ্যমে বিধিমালার চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।
এ অবস্থায় চূড়ান্ত অনুমোদনের আগেই খসড়া বিধিমালা সম্পর্কে আংশিক, অসম্পূর্ণ বা অনুমাননির্ভর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কমিশন। বিএসইসির মতে, এ ধরনের তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বাজারে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে।
Posted ৯:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity