শিরোনাম >>
শিরোনাম >>

আবাসন খাতে নতুন গতি আনতে ঢাকায় রিহ্যাব ফেয়ার শুরু ২৪ ডিসেম্বর

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

আবাসন খাতে নতুন গতি আনতে ঢাকায় রিহ্যাব ফেয়ার শুরু ২৪ ডিসেম্বর
Share

আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০২৫। চার দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ ফেয়ারে থাকছে মোট ২২০টি স্টল।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি জানান, দীর্ঘদিনের স্থবিরতার পর আবাসন খাতে আস্থা ফেরাতে এবারের রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশের পর খাতে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন বিধিমালায় আগের জটিলতা ও বৈষম্য অনেকটাই দূর হওয়ায় ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক মনোভাব জোরদার হয়েছে।

রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, আবাসন খাত শুধু বাসস্থান নিশ্চিত করছে না জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখছে। নির্মাণ কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ছে, সৃষ্টি হচ্ছে বিপুল কর্মসংস্থান এবং রড, সিমেন্টসহ দুই শতাধিক লিংকেজ শিল্পের বিকাশ ঘটছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ।

তিনি জানান, ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। উদ্বোধনী দিনের পর থেকেই দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। পরবর্তী দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

দর্শনার্থীদের জন্য সিঙ্গেল ও মাল্টিপল দুই ধরনের এন্ট্রি টিকিট থাকছে। টিকিট বিক্রির অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন রাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও থাকছে।

এবারের রিহ্যাব ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট লায়ন এম. এ. আউয়াল, ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর বিশ্বাস, ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, কো-চেয়ারম্যান সুরুজ সরদার, পরিচালক শেখ কামালসহ রিহ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০০ পিএম | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com