ঈদে টানা ৭ দিনের ছুটি শুরু কাল, আজ শেষ কর্মব্যস্ত দিন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট

ঈদে টানা ৭ দিনের ছুটি শুরু কাল, আজ শেষ কর্মব্যস্ত দিন
Share

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারে শুরু হচ্ছে টানা সাত দিনের দীর্ঘ ছুটি। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। সে হিসেবে আজ রোববার (২৪ মে) ছিল ঈদের আগে ব্যাংক-বীমা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেষ কর্মদিবস।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এ ছুটির আওতায় থাকবে। আগে থেকেই ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি নির্ধারিত থাকলেও নতুন সরকার সাধারণ মানুষের যাতায়াত ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করায় এবারের ঈদে দীর্ঘ ৭ দিনের বিরতি মিলছে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি এবং ২৬-২৭ মে ও ২৯-৩১ মে নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল। পরে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে।

তবে দীর্ঘ ছুটির মধ্যেও দেশের রপ্তানিমুখী শিল্প ও জরুরি অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত সময়ের জন্য চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ মে এসব শাখায় অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ছাড়া পুরো ছুটিকালজুড়ে সীমিত আকারে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে।

অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ঈদের দিন ব্যতীত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা থাকবে। আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সরকারি ও সাপ্তাহিক ছুটির মধ্যেও এ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, দীর্ঘ ছুটির সময়েও সব ধরনের জরুরি সেবা স্বাভাবিক থাকবে। ডাক বিভাগ, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, স্থল ও সমুদ্রবন্দর কার্যক্রম এবং হাসপাতাল ও চিকিৎসাসেবা খাত ছুটির আওতার বাইরে থাকবে। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও চলাচল অব্যাহত রাখবে।

এছাড়া জনস্বার্থে জরুরি দায়িত্বে নিয়োজিত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০২ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com