নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট
চলতি জুন মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪৮ লাখ ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুনের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলো আবারও রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে। এ সময়ে এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৫৩ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের সবচেয়ে বড় অংশ। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।
সম্প্রতি দেশে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। গত মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।
এর আগে চলতি বছরের মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে স্থান করে নেয়।
এছাড়া এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় অর্জনের নতুন রেকর্ড।
Posted ১:৩৬ পিএম | সোমবার, ১৫ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity