| রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। রোববার (১ মার্চ) নতুন করে ইসরাইল ও অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইসরাইলের তেল আবিব-এর গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছে। একই দিনে দোহা শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে।
অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে সতর্ক সংকেত বাজানো হয়েছে।
এদিকে বড় ধরনের মোড় নেয় পরিস্থিতি, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হয়। ইরানের দাবি, তেহরানে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানএ হত্যাকাণ্ডকে ‘গুরুতর অপরাধ’ উল্লেখ করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।
আবার, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান, যা বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ধর্মীয় নেতার পদটি এখন খালি। এই পদে নতুন কাউকে নির্বাচিত করার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যাবলি সম্পাদন করবে।
Posted ১:৪৮ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity