নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আগামীকাল শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদের জামাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতকে ঘিরে নিরাপত্তা, মুসল্লিদের সুবিধা ও আধুনিক সুযোগ-সুবিধাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করে ঈদের জামাতকে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করতে ব্যাপক আয়োজন নেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে ঈদগাহের প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি এবং নারীদের জন্য ১টি কাতারের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার ও নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতার নির্ধারণ করা হয়েছে। প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য মোট চারটি ফটক রাখা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারী মুসল্লিদের জন্য একটি পৃথক ফটক থাকবে। বহির্গমনের জন্য সাতটি ফটকের ব্যবস্থা করা হয়েছে।
অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ ময়দানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, নিরাপদ পানীয় জল, নামাজের জন্য কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
ঈদের প্রধান জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ প্রস্তুতি রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন এবং পানি নিরোধক শামিয়ানার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া মুসল্লিদের আকর্ষণে ঈদগাহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক। আয়োজকদের দাবি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপদ পরিবেশে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Posted ৮:৩৩ পিএম | বুধবার, ২৭ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity