স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন দীপেন দেওয়ান
Share

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ঈদুল আজহার সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রতিনিধিত্বের সুযোগ পান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রাজনীতিতে যোগদানের আগে বিচার বিভাগে কর্মরত ছিলেন দীপেন দেওয়ান। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ থেকে অবসর নিয়ে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব লাভ করেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

পারিবারিকভাবেও জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। তার বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন নিয়োগ বা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৮ পিএম | সোমবার, ০১ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com