একনেকের অনুমোদন পেল ৫ প্রকল্প, ব্যয় ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট

একনেকের অনুমোদন পেল ৫ প্রকল্প, ব্যয় ৭ হাজার কোটি টাকা
Share

দেশের অবকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের তৃতীয় বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ফেনী জেলার মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের প্রথম সংশোধনী।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে নতুন গতি সঞ্চার হবে।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও চারটি প্রকল্প সম্পর্কেও একনেক সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও কৃপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।

একনেক সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৫ পিএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com