আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন তেহরানে নেওয়া হয়েছে। তার শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে শোক কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজারে তাকে দাফন করা হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খামেনির মরদেহ তেহরানে একটি বিদায় অনুষ্ঠানে নেওয়া হয়। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের একটি অংশ উপস্থিত ছিলেন।
খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি চলবে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত। তেহরানে দুই দিন বিদায় অনুষ্ঠান শেষে ৬ জুলাই রাজধানীতে জানাজার শোভাযাত্রা হবে। এরপর কোম শহরে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালাতেও ধর্মীয় অনুষ্ঠান হবে। সবশেষে ৯ জুলাই মাশহাদে তাঁকে দাফন করা হবে।
খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ছবিতে তাঁর কফিন দেখা গেছে। কফিনের ওপর ইমাম রেজা মাজারের লাল পতাকা রাখা ছিল। শিয়া ধর্মীয় ঐতিহ্যে এ পতাকাকে শোক, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ বিদায় অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তেহরানের বিভিন্ন এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। তাঁর মৃত্যু ঘিরে শুরু হওয়া যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে শেষকৃত্যের কর্মসূচি কয়েক দফা পিছিয়ে যায়।
Posted ১০:১৬ এএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity