
| শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 312 বার পঠিত

চলতি ২০২৫-২৬ কর বছরের অনলাইন ই-রিটার্ন দাখিলে করদাতারা ব্যাপক সাড়া দিচ্ছেন। এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। শনিবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর থেকে করদাতারা এনবিআরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সহজেই রিটার্ন পূরণ ও দাখিল করতে পারছেন।
এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতি পাওয়া করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে তিনি ১৫ ডিসেম্বরের মধ্যে যুক্তিসহ সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
এবার করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল (ereturn@etaxnbr.gov.bd) ঠিকানায় পাঠালে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশনের লিংক পাঠাচ্ছে, যার মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করছেন।
ই-রিটার্ন দাখিলে কোনো দলিল আপলোডের প্রয়োজন নেই। করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য প্রদান করে বাড়িতে বসেই ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করে সাথে সাথে একনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ সংগ্রহ করতে পারছেন।
করদাতাদের সুবিধার্থে এনবিআর করদাতাদের পাশাপাশি প্রতিনিধিদের—যেমন আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড সেক্রেটারিদের—ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার প্রশিক্ষণ দিয়েছে।
এনবিআর ২০২৫-২৬ কর বছরের রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারণ করে সকল ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।

Posted ১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


