প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জ্বালানি সংকটের কারণে আরোপিত সময়সীমা আংশিক শিথিল করে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় এর আগে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী মালিকদের পক্ষ থেকে সময়সীমা পুনর্বিবেচনার আবেদন জানানো হলে সরকার বিষয়টি নতুন করে পর্যালোচনা করে।
ব্যবসায়ীরা দোকান খোলার সময় পেছানোর প্রস্তাব দিয়ে রাত পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান। তাদের দাবি ছিল, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খুললেও বন্ধের সময় অন্তত রাত ৮টা করা হোক।
প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ী সংগঠনের আবেদন বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা পুনর্নির্ধারণ করেন। এর ফলে এখন থেকে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় অত্যন্ত জরুরি। তাই বাসাবাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। সম্মিলিতভাবে সাশ্রয়ী হলে ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলা সহজ হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
Posted ৩:১২ পিএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity