প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
নতুন সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে আলোচনার পর ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে নির্ধারিত সব প্রকল্প নিয়ে আলোচনা না হলেও বাকি প্রস্তাবগুলো পরবর্তী বৈঠকে তোলা হবে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকের আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ৬টি প্রকল্প অনুমোদন পায় এবং বাকি ২টি আরও পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বলতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অতীতে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণের কারণে অনেক ক্ষেত্রে বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য ছিল না বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা ১৩শর বেশি চলমান ও প্রস্তাবিত প্রকল্প যাচাই-বাছাই করবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সময়ের সীমাবদ্ধতায় বৈঠক স্থগিত করা হয় এবং বাকি প্রকল্পগুলো আগামী সপ্তাহের বৈঠকে আলোচনায় আনা হবে।
দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে এবারের একনেক বৈঠক শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বিকল্প সভাপতির দায়িত্ব পালন করছেন। নতুন সরকার গঠনের পর উন্নয়ন প্রকল্প অনুমোদনের এটাই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
Posted ৪:৫১ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity