নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও প্যারালাইসিসে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিক। গত সেপ্টেম্বরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। তিনি ডাকসুর ভিপি ছিলেন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি ঘোষণাকারী নেতাদের অন্যতম ছিলেন তিনি।
স্বাধীনতার আগে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। পরে নয়বার সংসদ সদস্য এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাজনীতিতে দীর্ঘ অবদানের জন্য তোফায়েল আহমেদ দেশের অন্যতম প্রভাবশালী ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।
Posted ৫:১০ পিএম | সোমবার, ০১ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity