নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট
সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) ও একান্ত সচিবদের (পিএস) জন্য নতুন মূল বেতন কাঠামো নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের এপিএস এবং উপমন্ত্রীদের পিএসদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর নবম গ্রেডের আওতায় ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। নতুন সিদ্ধান্তে তাদের মূল বেতন বৃদ্ধি পেয়ে ৩২ হাজার ৫৪০ টাকায় উন্নীত হলো।
সম্প্রতি অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগের কাছে চিঠি দিয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এপিএস এবং উপমন্ত্রীর পিএসদের মূল বেতন জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে।
তবে এ বেতন কাঠামোর ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী, নির্ধারিত এই মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রযোজ্য হবে না। এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা তারা পাবেন।
অন্যদিকে, এই নিয়োগপ্রাপ্তরা কোনো পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর এপিএস ও পিএসদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
Posted ৩:২৫ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity