নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট
দুর্নীতি ও অর্থ পাচারের একাধিক মামলার আসামি বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টারপোলের সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন দুবাইয়ে তাকে শনাক্ত ও আটক করা হয়েছে।
দুবাইভিত্তিক একটি সূত্র জানিয়েছে, ১২ জুন তিনি সেখানে পৌঁছানোর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে। তদন্তে তার ঘোষণাবহির্ভূত প্রায় ১১ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়ার দাবি করে দুদক।
চলতি বছরের ৩ মে আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ১৩ মে থেকে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন, চলমান ওই মামলার সূত্র ধরেই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে আটক করা হয়েছে।
এদিকে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলায় তিনি আসামি। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। বেনজীর আহমেদকে সেখানে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতের নির্দেশে এরই মধ্যে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬২১ বিঘা জমি, একাধিক ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানির শেয়ার। পাশাপাশি বিদেশে থাকা কিছু স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাবও জব্দ বা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বেনজীর আহমেদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একাধিক অভিযোগ দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
Posted ৩:১৮ পিএম | রবিবার, ১৪ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity