নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
উৎসে কর সঠিকভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে বিভিন্ন কর অঞ্চলে বিশেষ মনিটরিং টিম মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
রোববার (১৯ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা উৎসে কর কর্তনের তথ্য যাচাই করতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করার আইনগত ক্ষমতা রাখেন। এ কার্যক্রমের মাধ্যমে উৎসে কর কর্তন, হিসাব সংরক্ষণ এবং সরকারি কোষাগারে কর জমার বিষয়টি যাচাই করা হবে।
আইন অনুযায়ী, কর কর্মকর্তারা প্রয়োজন হলে যেকোনো ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। একই সঙ্গে হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক লেনদেন-সংক্রান্ত অন্যান্য নথি পরীক্ষা ও তলব করতে পারবেন।
এ ছাড়া কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরিদর্শন ও প্রয়োজনে সেসব তথ্যে প্রবেশের ব্যবস্থাও গ্রহণ করা যাবে।
এনবিআর আরও জানিয়েছে, উৎসে কর কর্তনের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করে সংরক্ষণের ক্ষমতাও কর কর্মকর্তাদের রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নথি, তথ্য, ইমেজ বা অ্যাকাউন্টের অনুলিপি সংগ্রহ এবং সেগুলোতে সনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহারের সুযোগও আইন দিয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭(২) অনুযায়ী এ ধরনের পরিদর্শন ও যাচাইকরণ কার্যক্রমে বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআর উৎসে কর্তিত কর নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ধারা ১৪৭-এর প্রয়োগ নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের গঠিত কমিটির সদস্য সচিবের কাছে assistance147nbr@gmail.com ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ১২:১১ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity