
| সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 206 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা পর্ব ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ রাখতে হবে। ফলে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর আর কোনো প্রচার চালানো যাবে না।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে প্রচারণা শুরু করতে পারবেন না এবং ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তা শেষ করতে হবে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসন বাদ দিয়ে বাকি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বাধিক প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন ১৯৮ জন প্রার্থী।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন নির্বাচন করছেন ফুটবল প্রতীক নিয়ে।

Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


