
| বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 185 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন সারাদেশের কেন্দ্রগুলোতে চলছে ব্যালট গণনার কাজ। নির্ধারিত প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে বিকেল চারটার মধ্যে যেসব কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের ভোটগ্রহণ সম্পন্ন করে গণনা শুরু করা হচ্ছে।
সকাল সাড়ে সাতটা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং টানা নয় ঘণ্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পৃথকভাবে দুই ধরনের ব্যালট গণনা করবেন।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।
ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও কেন্দ্র দখল ও জালভোটের চেষ্টার অভিযোগ উঠেছে। কিছু জায়গায় হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হন। খুলনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর মোতায়েনের কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোথাও ভোটগ্রহণ সম্পূর্ণ স্থগিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
এদিকে কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জোটের নেতারা অভিযোগ করেন, ওই কেন্দ্রগুলোতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।
ভোট পরিচালনায় মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, আনসার ও বিএনসিসির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।
২৯৯ আসনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ছিলেন এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন এবং পুরুষ প্রার্থী এক হাজার ৯৪৬ জন।

Posted ৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


