নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট
বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়্যালটি ও আউটওয়ার্ড রেমিট্যান্স অনুমোদন প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। দীর্ঘসূত্রতা কমিয়ে এখন এই সেবা মিলছে মাত্র ৭ থেকে ১০ কার্যদিবসে, যেখানে আগে সময় লাগত দেড় থেকে দুই মাস।
বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে চালু হওয়া এই অনলাইন ব্যবস্থায় রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং আউটওয়ার্ড রেমিট্যান্স অনুমোদন এখন আগের চেয়ে দ্রুত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২০২৬ সালের জানুয়ারি থেকে সেবাটি পূর্ণাঙ্গভাবে অনলাইনে চালু করা হয়। বর্তমানে বিনিয়োগকারীরা ঘরে বসেই বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে আবেদন, ফি পরিশোধ এবং আবেদন ট্র্যাকিংসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন। এতে কাগজপত্রের ঝামেলা ও সময়—দুইই কমেছে উল্লেখযোগ্যভাবে।
বিডার তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থার ফলে সেবা প্রদানের সময় কমেছে প্রায় ৮৩ শতাংশ এবং কাজের গতি বেড়েছে প্রায় ছয় গুণ। শুধু গত এপ্রিল মাসেই ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে চারটি রয়্যালটি পেমেন্ট অনুমোদন দেওয়া হয়েছে।
ডিজিটাল সেবা চালুর আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার নথিপত্র ম্যানুয়ালি জমা দিতে হতো। পরে সেগুলো যাচাই, সারসংক্ষেপ প্রস্তুত, নোটিং ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যেত। এখন কাঠামোবদ্ধ ডিজিটাল ইনপুট ও ডকুমেন্ট হাইলাইটিং সুবিধা যুক্ত হওয়ায় যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক বেশি সহজ ও কার্যকর হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সময়মতো ও সুশৃঙ্খল সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়্যালটি সেবা পুরোপুরি ডিজিটাল হওয়ায় এখন বিনিয়োগকারীরা আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও দ্রুত সেবা পাবেন।
এই কার্যক্রম বাস্তবায়নে ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি)-এর আওতায় কারিগরি সহায়তা দিয়েছে ইউএনডিএফ বাংলাদেশ। বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে বিজনেস অটোমেশন লিমিটেড।
বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ৪৭টি সংস্থার ১৪২টির বেশি বিনিয়োগ সেবা পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব ৪০টি সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
Posted ৩:০০ পিএম | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity