নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরতে আগামী ১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২৬’। সরকার আশা করছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন বাজার সৃষ্টি এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এতে দেশি-বিদেশি প্রায় ৩৫০ প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।
রোববার (২৪ মে) সম্মেলন আয়োজন উপলক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এ সম্মেলনে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও উপদেষ্টাদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশনপ্রধান, বহুপাক্ষিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সম্মেলনে বাংলাদেশের পরিবর্তনশীল অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ পরিবেশ এবং বাণিজ্য সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করা হবে।
আয়োজক সূত্র জানায়, সম্মেলনে একাধিক সাধারণ অধিবেশন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, অর্থায়ন, মূলধন সংস্থান, বাজার সম্প্রসারণ, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প এবং ক্রীড়াখাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ কারণে রপ্তানি সুবিধা, শুল্ক কাঠামো এবং বৈদেশিক বিনিয়োগে নতুন বাস্তবতার মুখোমুখি হবে দেশ।
এ প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি এগিয়ে নেওয়া, অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/জেবি
Posted ৭:৫৯ পিএম | সোমবার, ২৫ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity