প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে আজ স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পুরস্কার প্রদান করা হবে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এ সম্মাননা পাচ্ছেন। তারা হলেন—মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।
এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত পাঁচটি প্রতিষ্ঠান হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
Posted ২:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity