নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে সংগঠনটি। ঘোষিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।
এর আগে গত ১৩ জুনও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ দফা স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।
Posted ১০:৪৩ এএম | সোমবার, ১৫ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity