নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের অধিকাংশ সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
রোববার (২৮ জুন) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব সাধারণ ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা বাধ্যতামূলক অনলাইন রিটার্নের আওতার বাইরে থাকবেন। তবে তারা চাইলে স্বেচ্ছায় অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে কোনো বাধ্যতামূলক করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে সেক্ষেত্রে কাগজে (পেপার) রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
রাজস্ব বোর্ডের মতে, করব্যবস্থাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও সেবাবান্ধব করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে করদাতারা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এবং কর প্রশাসনের কার্যক্রমও আরও গতিশীল হবে। পাশাপাশি বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে এনবিআর।
Posted ১:০৫ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity