
| রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 757 বার পঠিত

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনেই প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা ধরে)।
শনিবার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২২ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এর আগে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫০ লাখ (২.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম তিন মাস জুলাই–সেপ্টেম্বরে মোট রেমিট্যান্স এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ (৭.৫৮ বিলিয়ন) ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে রেমিট্যান্স ছিল ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার।

Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


