শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্পের অনুমোদন

  |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   230 বার পঠিত

একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৩টি নতুন এবং ৫টি পূর্বের সংশোধিত প্রকল্প।

সভায় পরিকল্পনা, পররাষ্ট্র, খাদ্য ও ভূমি, সমাজকল্যাণ, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, গৃহায়ন, বিদ্যুৎ, পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা—মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ’ প্রকল্পের সংশোধিত সংস্করণ রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিনটি অনুসন্ধান কূপ খনন এবং সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বা কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট এবং শহীদ পরিবারের জন্য ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট প্রকল্প। পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন এবং সচিবালয়ে নতুন ২১ তলা অফিস ভবন নির্মাণের অনুমোদনও দেওয়া হয়েছে।

সেতু মন্ত্রণালয়ের আওতায় ঢাকা এমআরটি লাইন-৬ এর তৃতীয় সংশোধিত প্রকল্প এবং সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্পও তালিকায় রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র প্রকল্পের দ্বিতীয় সংশোধন, অর্থ মন্ত্রণালয়ের জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ, আইসিটি বিভাগের ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন’ প্রকল্পের সংশোধিত সংস্করণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ও অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প—ক্লাইমেট রেসপন্স রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের অত্যাবশ্যক কার্যক্রম এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট—এবারের সভায় অনুমোদিত হয়েছে।

একই সঙ্গে পূর্বে অনুমোদিত ১৫টি চলমান প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি একনেকে উপস্থাপন করা হয়, যার মধ্যে রেডিও চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন, স্টেডিয়াম উন্নয়ন, অটিজম একাডেমি, কলেজ ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার, পল্লী অবকাঠামো উন্নয়ন, নদী-খাল পুনর্খনন ও পৌর অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু প্রকল্প অন্তর্ভুক্ত।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com