নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে টানা চার দফা মূল্যহ্রাসের পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসে চার দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ সেই নিম্নমুখী ধারা থেকে বেরিয়ে আবারও ঊর্ধ্বমুখী হলো মূল্যবান এই ধাতুর বাজার।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হবে।
Posted ১১:৫৪ এএম | শনিবার, ১৩ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity