নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট
দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক অর্থবছরে প্রবাসী আয় ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।
অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যদিও আগের বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ ডলার, ফলে মাসভিত্তিক হিসাবে সামান্য কমেছে প্রবাসী আয়।
বিদায়ী অর্থবছরের কয়েকটি মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। গত মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া মে মাসে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা একক মাসের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।
এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। এর আগে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসেও দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং হুন্ডি নিরুৎসাহিত করার বিভিন্ন উদ্যোগের কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড ছিল। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ।
Posted ৯:৩১ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity