বিনিয়োগের গতি কমার আশঙ্কায় কর্মসংস্থান নিয়ে উদ্বেগ, বাজেট বাস্তবায়নে জোর সিপিডির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট

বিনিয়োগের গতি কমার আশঙ্কায় কর্মসংস্থান নিয়ে উদ্বেগ, বাজেট বাস্তবায়নে জোর সিপিডির
Share

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করায় ভবিষ্যৎ কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, বিনিয়োগের প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় না বাড়লে নতুন শিল্প স্থাপন ও উৎপাদন সম্প্রসারণে ধীরগতি দেখা দিতে পারে, যা সরকারের ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট সংলাপ’-এ এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার দীর্ঘদিন ধরেই সন্তোষজনক নয়। উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও বাস্তবায়নে ধীরগতি, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং অনিয়মের কারণে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না। তাই প্রকল্পভিত্তিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং এ বিষয়ে সংসদে আরও কার্যকর আলোচনা প্রয়োজন।

ড. ফাহমিদা খাতুনের মতে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও কৃষি খাতে বরাদ্দ কমানো উদ্বেগের কারণ। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের রাজস্ব আয়ের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। কিন্তু উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত না হলে অর্থনৈতিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আসে না। এর ফলে বিনিয়োগ, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান—সব ক্ষেত্রেই প্রভাব পড়ে।

ডিজিটাল অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করা হলেও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ও সুস্পষ্ট কর্মপরিকল্পনার অভাব রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি (জুনায়েদ সাকি)। সম্মানিত অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু দাসসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩২ পিএম | রবিবার, ২১ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com