| বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য উৎসে করের হার ১০ শতাংশ নয়, ৫ শতাংশই বহাল থাকবে বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এনবিআরের চিঠিতে জানানো হয়েছে, ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি না করেন, তাহলে ওই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ৫ শতাংশ।
এ ছাড়া পেনশনারদের জন্য আরও সুবিধা রাখা হয়েছে। কোনো ব্যক্তির আয়বর্ষে যদি কেবল পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না। অর্থাৎ এ ক্ষেত্রে উৎসে করের হার শূন্য শতাংশ থাকবে।
তবে আয়কর আইন, ২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ১০ শতাংশ। আর আগের নিয়ম অনুসারেই পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করমুক্ত সুবিধা বহাল থাকবে।
Posted ৮:৪৯ এএম | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity