| মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ঈদের ছুটির দিনগুলোতেও সীমিত পরিসরে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোর কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।
সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারকেও এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পক্ষ থেকে গত ৪ মার্চ এক আবেদনের প্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত গ্রহণ করে। সাধারণত ঈদের ছুটিতে দীর্ঘ সময় বন্দর ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকলে কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রফতানিতে জট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ব্যবসায়ীদের সেই উদ্বেগের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
Posted ১:০২ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity