প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার গত মার্চ মাসে কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী হয়েছে, যদিও খাদ্যবহির্ভূত খাতে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে বলা হয়, মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৪২ শতাংশ।
খাদ্যপণ্যের দামে উল্লেখযোগ্য স্বস্তি এসেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এই খাতে হ্রাসের পরিমাণ ১ দশমিক ০৬ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে এ হার ছিল ৯ দশমিক ০১ শতাংশ, মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৯ শতাংশে।
গ্রাম ও শহর—দুই এলাকাতেই মূল্যস্ফীতির প্রবণতায় ভিন্নতা দেখা গেছে। গ্রামাঞ্চলে মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭২ শতাংশে নেমেছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ।
শহরাঞ্চলেও মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। মার্চে শহরের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশে, যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৩৯ শতাংশ কম। এ সময় শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৬২ শতাংশ।
Posted ১২:০০ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity