নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কার্ডধারী নিম্নআয়ের পরিবারের পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে পণ্য কেনার সুযোগ পাবেন।
সংস্থাটি জানিয়েছে, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ১০ দিন সারাদেশে অতিরিক্ত ৭২০টি ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। রোববার টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন ক্রেতার কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার ভোক্তার কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য পৌঁছে দেওয়া হবে। যেকোনো সাধারণ ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
ঈদ উপলক্ষে এই বিশেষ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর আগারগাঁও এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে।
টিসিবি জানিয়েছে, বর্তমানে সরকারের নির্দেশনায় কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদকে ঘিরে বাড়তি চাহিদা মোকাবিলায় অতিরিক্ত ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিতরণ পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
ভোক্তারা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে কিনতে পারবেন।
Posted ৬:০২ পিএম | রবিবার, ১০ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity