নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পরিশোধিত স্বর্ণের মূল্য কমে আসায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ–সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমিয়ে প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ঘোষিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং গহনার নকশা ও মানভেদে প্রযোজ্য মজুরি যুক্ত হবে। ফলে অলংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের প্রকৃত ব্যয় আরও কিছুটা বেশি হতে পারে।
Posted ১০:৫৯ এএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity