শিরোনাম >>
শিরোনাম >>

অর্থনীতি ও জ্বালানি খাতে সংস্কারে জাপানের ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট

অর্থনীতি ও জ্বালানি খাতে সংস্কারে জাপানের ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা
Share

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন ঋণ দিচ্ছে জাপান। প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা সমমূল্যের এই ঋণ সহায়তা অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।

মঙ্গলবার (৯ জুন) জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স ইন এশিয়া (পাওয়ার এশিয়া)’ উদ্যোগের আওতায় দেওয়া প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ।

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো স্বাক্ষর করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে নোট বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

জাইকা জানিয়েছে, ঋণ কর্মসূচিটি মূলত দুটি গুরুত্বপূর্ণ খাতকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালীকরণ।

এই কর্মসূচির আওতায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর টেকসই পরিচালনায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নত পরিকল্পনা ও জ্বালানি সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসংক্রান্ত বিভিন্ন সংস্কার কর্মসূচিতেও সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জের মধ্যে এই ঋণ সহায়তা বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাইকা জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা আরও গভীর হলো। ভবিষ্যতেও বাংলাদেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে সহযোগিতা অব্যাহত থাকবে।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২৯ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com