
| শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত

দেশে করদাতাদের অংশগ্রহণে নতুন মাইলফলক স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫–২৬ কর বছরে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এনবিআর বলছে, এটি কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের ধারায় একটি ঐতিহাসিক অগ্রগতি এবং করদাতাদের আস্থা বৃদ্ধির স্পষ্ট প্রমাণ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআরের এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ই-রিটার্নের প্রতি করদাতাদের আগ্রহ দ্রুত বাড়ছে, যা দেশে ডিজিটাল কর ব্যবস্থার বিকাশে বড় ভূমিকা রাখছে। সংস্থাটি এ সাফল্যকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে আখ্যা দিয়েছে।
এ বছর এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
তবে যারা বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন। ই-রিটার্ন নিবন্ধনে সমস্যা দেখা দিলে করদাতারা আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে তারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
এনবিআর জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও পাসপোর্ট নম্বর, এনআইডি ও ইমেইল ঠিকানা উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd-এ আবেদন করলে তাদের ইমেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন।
সংস্থাটি জানায়, ই-রিটার্ন সিস্টেমে কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই—শুধু আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিলেই তাৎক্ষণিকভাবে একনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব। এতে দেশে ও বিদেশে থাকা করদাতাদের মধ্যে অনলাইন রিটার্ন দিন দিন জনপ্রিয় হচ্ছে।
করদাতাদের সুবিধার্থে এনবিআর অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণে শুধু করদাতাই নন, বরং আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ও চার্টার্ড সেক্রেটারিজরাও অংশ নিয়েছেন।
এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত তাৎক্ষণিক সহায়তার জন্য চালু করা হয়েছে কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১। পাশাপাশি এনবিআরের ওয়েবসাইটের “ই-ট্যাক্স সার্ভিস” অপশন এবং দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সরাসরি সেবা পাওয়া যাচ্ছে।
এনবিআর করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে ।

Posted ৭:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


