
| শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 834 বার পঠিত

আগামীকাল রোববার (২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র। সকাল ১১টায় রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইজবন্ডের ড্র সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারের মধ্যে রয়েছে- প্রথম পুরস্কার ১টি (৬ লাখ টাকা), দ্বিতীয় পুরস্কার ১টি (৩ লাখ ২৫ হাজার টাকা), তৃতীয় পুরস্কার ২টি (১ লাখ টাকা করে), চতুর্থ পুরস্কার ২টি (৫০ হাজার টাকা করে), পঞ্চম পুরস্কার ৪০টি (১০ হাজার টাকা করে)।
ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলোই এবার পুরস্কার প্রদানের আওতায় আসবে।
আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ উৎসে কর কাটা হয়।
ড্রয়ের ফলাফল আগামী সোমবার (৩ নভেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত দিনটি যদি সরকারি ছুটি হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

Posted ১:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


