
| রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 159 বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্য।
ফয়সাল করিমের মালিকানাধীন ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টভিত্তিক প্রতিষ্ঠান। এ ছাড়া তার মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড ২০১৬ সালে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতা ও বেসিসের সহযোগিতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করে।
ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি গুলি করে শরিফ ওসমান হাদিকে আহত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ওসমান হাদির সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে হামলাকারীর চেহারার সাদৃশ্য থাকায় ফয়সাল করিমকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় হামলাকারীকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
সূত্র জানায়, ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ সম্পন্ন করেন। তার বিরুদ্ধে আগে অস্ত্র ও ডাকাতির মামলাও রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর আদাবরে অস্ত্রের মুখে অর্থ লুটের ঘটনায় করা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন এবং সে সময় র্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।
জামিনে থাকা অবস্থাতেই এবার শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তার নাম সামনে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


