
| বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 334 বার পঠিত

চলতি ২০২৫–২৬ কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, আর ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন প্রায় ৪৫ লাখ করদাতা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, ই-রিটার্ন ব্যবস্থা চালুর মাধ্যমে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরে বড় সাফল্য এসেছে।
এনবিআর জানায়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআরের ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd) থেকে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং দ্রুতগতিতে অনলাইনে রিটার্ন জমা পড়ছে।
পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে অদ্যাবধি প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। যেখানে গত বছর একই সময়ে ই-রিটার্ন জমা পড়েছিল মাত্র ১০ লাখ ২ হাজার ২৯৮টি।
করদাতাদের সুবিধার্থে সরকার ইতোমধ্যে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। এ বর্ধিত সময়ে মোট ই-রিটার্নের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে এনবিআর।
চলতি বছর বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত অন্যান্য সব ব্যক্তিগত করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতি পাওয়া করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
ই-রিটার্ন সিস্টেমে কোনো কাগজপত্র আপলোড ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য এন্ট্রি করে ঘরে বসেই রিটার্ন দাখিল করা যাচ্ছে। ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ) ব্যবহার করে কর পরিশোধের সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব।
বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, এনআইডি ও ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে ই-মেইলের মাধ্যমে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাচ্ছেন, যার মাধ্যমে সহজেই তারা রেজিস্ট্রেশন ও রিটার্ন দাখিল করতে পারছেন।
করদাতাদের সহায়তায় এনবিআর কল সেন্টার (০৯৬৪৩-৭১৭১৭১), অনলাইন অভিযোগ ব্যবস্থাসহ দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু রেখেছে। পাশাপাশি করদাতা, কর আইনজীবী, সিএ, সিএমএ ও চার্টার্ড সেক্রেটারিদের ই-রিটার্ন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এনবিআর সব ব্যক্তিগত করদাতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-রিটার্ন দাখিলের জন্য আহ্বান জানিয়েছে।

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


