
| সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 493 বার পঠিত

ভ্যাট ব্যবস্থাকে আরও ডিজিটাল ও করদাতাবান্ধব করতে ভ্যাটের সব পেপার রিটার্ন অনলাইনে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ই-ভ্যাট সিস্টেমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল যুক্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) এনবিআর জানায়, করদাতারা অতীতে হার্ড কপি আকারে যে মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, সেগুলো এখন নিজেরাই অনলাইনে ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দিতে পারবেন। এ বিষয়ে একটি পরিপত্রও জারি করা হয়েছে।
বর্তমানে পেপার রিটার্নগুলো ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) ব্যবহার করা হয়, যেখানে ভ্যাট কর্মকর্তারা তথ্য এন্ট্রি করেন। এতে সময় বেশি লাগে এবং তথ্যভুল হলে দায়-দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হয়।
এনবিআর জানায়, সময়মতো পেপার রিটার্ন অনলাইনে এন্ট্রি না হওয়ায় অনেক ক্ষেত্রে করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ হয়। ফলে অনেকে পরবর্তী সময়ে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সমস্যায় পড়েন।
নতুন সাব-মডিউল চালুর ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যারা হার্ড কপি রিটার্ন জমা দিয়েছেন, তারা কোনও সুদ ও জরিমানা ছাড়াই সেগুলো অনলাইনে এন্ট্রি দিতে পারবেন।
এ সুবিধা ব্যবহারের জন্য করদাতারা ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের লিংক পাবেন। এনবিআর জানিয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আগের সব হার্ড কপি রিটার্ন বিনা জরিমানা ও সুদে সিস্টেমে এন্ট্রি দেওয়ার সুযোগ থাকবে।
এনবিআর আশা করছে, এ উদ্যোগের ফলে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং ভ্যাট ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করতে করদাতাদের অংশগ্রহণ আরও সহজ হবে।

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


