
| সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 291 বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত করার নতুন ব্যবস্থা চালু করেছে। এর ফলে করদাতাদের আর আলাদাভাবে আয়কর তথ্য বা দলিল সংযুক্ত করতে হবে না এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
রোববার (১৮ জানুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করদাতাদের সুবিধার্থে ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের কার্যকর সংযোগ সম্পন্ন করে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানিকারক করদাতা ই-রিটার্নে ব্যবসায়িক আয়ের তথ্য এন্ট্রি করার সময় প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এতে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার মোট প্রদেয় আয়কর থেকে সমন্বয়িত হবে এবং চূড়ান্ত পরিশোধযোগ্য কর নির্ধারিত হবে।
এ ব্যবস্থার ফলে আমদানিকারক ব্যবসায়ীদের রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ হয়েছে এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও আয়কর ক্রেডিট নিয়ে হয়রানি দূর হয়েছে।
২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে ৪৬ লাখের বেশি করদাতা সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যেই রিটার্ন দাখিল করেছেন। যেসব করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করছেন।
চলতি কর বছরে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্যও সিস্টেমটি উন্মুক্ত করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা দলিল আপলোডের প্রয়োজন নেই। এনবিআর নিশ্চিত করেছে, ব্যক্তি করদাতারা ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে।

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


