
| মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 348 বার পঠিত

চলতি জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৭ লাখ ডলার প্রবাসী আয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৬ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৪০ লাখ ডলার। পাশাপাশি চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৩৮ কোটি ৮০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫০ শতাংশ বেশি।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এটি চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
এদিকে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

Posted ৬:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


