নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহার ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব গুরুত্বপূর্ণ কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৮ মে) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির মধ্যেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ব্যবসায়ী সংগঠনগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে বিজিএমইএ-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এনবিআর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে কাস্টমস, বন্দর, ব্যাংক ও সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানায়।
চিঠিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তৈরি পোশাক শিল্প নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে রপ্তানি আদেশ সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে ঈদের ছুটির সময়ও সংশ্লিষ্ট কাস্টমস স্টেশন ও ব্যাংক শাখা চালু রাখা জরুরি।
Posted ৫:৪৭ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity